window.dataLayer = window.dataLayer || []; function gtag(){dataLayer.push(arguments);} gtag('js', new Date()); gtag('config', 'G-0NCQZW6Y3H');
Your search results

জমির দলিল জাল হলে করণীয়: যাচাই থেকে মামলা পর্যন্ত সম্পূর্ণ গাইড (২০২৬)

Posted by projectland on June 28, 2026
0

জমির দলিল জাল হয়েছে জানতে পেরেছেন? আতঙ্কিত হবেন না। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিলে আপনার জমির মালিকানা ফিরে পাওয়া সম্পূর্ণ সম্ভব।

জমি নিয়ে যত বিরোধ হয় বাংলাদেশে, তার একটি বড় অংশের পেছনে থাকে জাল বা ভুয়ো দলিল। কখনো দখলদার অসৎ উদ্দেশ্যে নকল দলিল তৈরি করে, আবার কখনো প্রকৃত মালিকের অগোচরেই তার সম্পত্তি অন্যের নামে হস্তান্তর দেখিয়ে দেওয়া হয়।

“জমির কাগজ জাল হয়েছে” – এই কথা শুনলে আতঙ্কিত হওয়া স্বাভাবিক। তবে ভয় না পেয়ে আইন অনুযায়ী সঠিক পদক্ষেপ নিলে জাল দলিল বাতিল করা এবং নিজের জমির মালিকানা ফেরত পাওয়া সম্পূর্ণ সম্ভব।

কিন্তু প্রথম প্রশ্ন হলো – আপনি নিশ্চিত হবেন কীভাবে যে আপনার দলিলটি আসলেই নকল? চলুন প্রথমেই তা জেনে নেওয়া যাক।

সময়সীমা মনে রাখুন

দলিলটি জাল জানার তারিখ থেকে ৩ বছরের মধ্যে দেওয়ানি আদালতে মামলা করতে হবে (তামাদি আইন)। দেরি করলে মামলা করা অত্যন্ত কঠিন হয়ে যায়।


দলিল আসলেই জাল কি না যাচাই করবেন যেভাবে

মামলায় যাওয়ার আগে নিশ্চিত হতে হবে দলিলটি সত্যিই জাল কি না। নিচের ৭টি উপায়ে যেকোনো জাল দলিল ধরা পড়ে।

১. বালাম বই যাচাই – সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি

যেকোনো দলিল রেজিস্ট্রি হওয়ার পর তার একটি কপি সরকারিভাবে সাব-রেজিস্ট্রি অফিসের বালাম বই (Volume Book)-এ লিখে রাখা হয়। সাব-রেজিস্ট্রি অফিসে গিয়ে দলিলটির সাথে বালাম বইয়ের লেখা মেলান। লেখার মিল না থাকলে দলিলটি ১০০% জাল।
বালাম বই

২. সরকারি স্ট্যাম্পের সিরিয়াল নম্বর ও সাল যাচাই

প্রতারকরা অনেক সময় পুরনো বা জাল স্ট্যাম্প ব্যবহার করে দলিল তৈরি করে। 

প্রতিটি সরকারি স্ট্যাম্পের একটি নির্দিষ্ট সিরিয়াল নম্বর এবং তৈরির সাল থাকে। যদি দলিল সম্পাদন হয়েছে ১৯৯৫ সালে, কিন্তু স্ট্যাম্প ছাপা হয়েছে ১৯৯৮ সালে — তাহলে দলিলটি নিঃসন্দেহে জাল।

৩. বায়া দলিল বা মালিকানার চেইন যাচাই

জমির বর্তমান মালিকের আগের মালিক কারা ছিলেন সেই ধারাবাহিকতাকে বায়া দলিল (Chain of Title) বলে। আপনি যার কাছ থেকে কিনছেন, তিনি কার কাছ থেকে কিনেছিলেন — সেই আগের দলিলটিও যাচাই করুন। বায়া দলিলের একটি যদি ভুয়া হয়, বর্তমান দলিলটিরও কোনো আইনি ভিত্তি নেই।

৪.ভূমি অফিসে খতিয়ান ও নামজারি যাচাই 

দলিল আসল হলেও অনেক সময় সরকারি রেকর্ডে জালিয়াতি থাকে।

স্থানীয় ইউনিয়ন ভূমি অফিস বা এসি ল্যান্ড অফিসে গিয়ে জমির বর্তমান খতিয়ান বা পর্চা চেক করুন। দলিলে যে দাগ ও খতিয়ান নম্বর আছে, সরকারি রেজিস্টারে তা আসল মালিকের নামে আছে কি না এবং নিয়মিত খাজনা দেওয়া হচ্ছে কি না দেখুন।

৫. রেজিস্ট্রির তারিখে সরকারি ছতি ছিল কিনা

সহজ একটি কৌশল যা অনেকেই জানেন না

দলিলে রেজিস্ট্রির যে তারিখ দেওয়া আছে, সেদিন শুক্রবার, শনিবার বা সরকারি ছুটি ছিল কি না ক্যালেন্ডারে চেক করুন। সরকারি ছুটির দিনে রেজিস্ট্রি অফিস বন্ধ থাকে, তাই ওইদিনের দলিল রেজিস্ট্রি মানেই নিশ্চিত জালিয়াতজাচা.

৬. সাব-রেজিস্ট্রারের স্বাক্ষর ও সিল যাচাই

প্রতিটি দলিলের পাতায় এবং শেষ পৃষ্ঠায় সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রারের স্বাক্ষর ও সিল থাকে।অভিজ্ঞ কোনো দলিল লেখক (মুহুরি) বা সাব-রেজিস্ট্রি অফিসের কর্মচারীদের দেখালে তারা এক নজরেই বলে দিতে পারবেন স্বাক্ষরটি আসল নাকি নকল।

৭. দাতা ও গ্রহীতার জাতীয় পরিচয়পত্র (NID) যাচাই

সাম্প্রতিক বছরগুলোতে দলিল রেজিস্ট্রির সময় এনআইডি (NID) কার্ড বাধ্যতামূলক করা হয়েছে।

দলিলে দাতা ও গ্রহীতার যে এনআইডি নম্বর দেওয়া আছে, তা সরকারি অনলাইন পোর্টাল থেকে যাচাই করুন। নাম ও ছবি ঠিক আছে কি না দেখুন। অনেক সময় অন্য মানুষের ছবি বা ভুয়া নাম ব্যবহার করে দলিল সাজানো হয়।

উপরের উপায়গুলো মিলিয়ে দেখার পর আপনি যখন নিশ্চিত হলেন যে আপনার জমির কাগজটি আসলেই জাল, তখন আপনার মনে প্রশ্ন আসবে—“এখন আমি কী করব? কোথায় যাব?” এই জালিয়াতির দ্রুত শাস্তির জন্য সরকার এখন নতুন আইন করেছে। চলুন পরের সেকশনে সেটি দেখে নেওয়া যাক। 


ফৌজদারি মামলা: প্রতারকের দ্রুত শাস্তি ও প্রক্রিয়া 

বাংলাদেশ সরকারের নতুন ভূমি আইন (ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন) অনুযায়ী জমি জালিয়াতি এখন একটি মারাত্মক ও জামিনঅযোগ্য অপরাধ।

আইন

কী অপরাধ বলে গণ্য হবে

কাউকে ঠকানোর জন্য মিথ্যা দলিল তৈরি করা, ভুয়ো স্বাক্ষর দেওয়া বা প্রকৃত মালিক না হয়েও মালিক সেজে দলিল করা এখন এই আইনের অধীনে শাস্তিযোগ্য অপরাধ।

শাস্তি: সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ড

অপরাধ প্রমাণিত হলে অপরাধীর সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড হতে পারে। এটি জামিনঅযোগ্য অপরাধ।

কোথায় মামলা করবেন

  •  জাল দলিলের প্রমাণ পেলে নিকটস্থ থানায় মামলা করুন।
  • পুলিশ মামলা না নিলে সরাসরি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নালিশি মামলা দায়ের করুন।
  • আদালত প্রয়োজনে পুলিশকে মামলা নিতে নির্দেশ দেবেন।

নতুন আইনের বড় সুবিধা 

আগে দলিল বাতিলের জন্য কেবল দেওয়ানি আদালতে যেতে হতো। কিন্তু নতুন নিয়মে, ফৌজদারি আদালতে দলিল জালিয়াতি প্রমাণিত হলে, আদালত সরাসরি জেলা প্রশাসককে (DC) সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রার অফিসে নোট দেওয়ার আদেশ দিতে পারেন। ফলে এই আদালতের মাধ্যমেই দলিল বাতিলের কাজ অনেক দ্রুত হয়ে যায়।


দেওয়ানি আদালতে দলিল বাতিলের স্থায়ী সমাধান 

ফৌজদারি মামলায় প্রতারককে শাস্তি দেওয়া যায়, কিন্তু জমিকে চিরতরে নিরাপদ করতে এবং সরকারি রেকর্ড থেকে জাল দলিলের অস্তিত্ব পুরোপুরি মুছে ফেলতে দেওয়ানি আদালতে যেতে হবে। 

আপনার জমির মালিকানা যেন ভবিষ্যতে আর কেউ কোনোদিন চ্যালেঞ্জ করতে না পারে, সেজন্য দেওয়ানি আদালতের মাধ্যমে দলিল বাতিলের চূড়ান্ত ডিক্রি বা আদেশ নিয়ে রাখা সবচেয়ে নিরাপদ। 

  • সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৩৯ ধারা: 

এই ধারা অনুযায়ী দেওয়ানি আদালতে “দলিল বাতিলের মামলা” দায়ের করা যায়। আদালত দলিলটি অবৈধ ও বাতিল ঘোষণা করলে তা চিরতরে অকার্যকর হয়ে যায়। 

  • ৩ বছরের সময়সীমা – অত্যন্ত গুরুত্বপূর্ণ:

তামাদি আইন অনুযায়ী, দলিলটি জাল জানার তারিখ থেকে ৩ বছরের মধ্যে দেওয়ানি আদালতে মামলা করতে হবে। ৩ বছর পেরিয়ে গেলে মামলা করা অনেক কঠিন হয়ে যায়। 


নামজারি ও জমির দখল রক্ষায় করণীয় 

আদালতে মামলা চলার ফাঁকে যদি প্রতারক চক্র জাল দলিল দিয়ে নামজারি করিয়ে নেয় বা দখল নিতে আসে? তা ঠেকাতে সমান্তরালে এই পদক্ষেপগুলোও নিন:

  • এসি ল্যান্ড অফিসে আবেদন:
    জেলা প্রশাসক বা সহকারী কমিশনার (ভূমি) অফিসে লিখিত অভিযোগ দিন, যাতে ওই জাল দলিলের ভিত্তিতে কেউ নামজারি বা মিউটেশন করতে না পারে। যদি অলরেডি নামজারি হয়ে যায়,
    তবে তা বাতিলের জন্য “মিস কেস” করুন।
  • দখল রক্ষার আবেদন:
    জমি অবৈধভাবে দখলের চেষ্টা বা হুমকি দেওয়া হলে, প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করে আপনার জমির দখল বজায় রাখার ব্যবস্থা নিন।

এক নজরে সম্পূর্ণ আইনি প্রক্রিয়া

নিচের টেবিলটি দেখলে আপনি খুব সহজেই পুরো আইনি প্রক্রিয়াটি বুঝতে পারবেন:

আপনি কোন পর্যায়ে আছেন?

আপনার মূল উদ্দেশ্য কোন আইনের অধীনে

কোথায় যাবেন

দলিল সন্দেহজনক মনে হলে দলিলটি আসল নাকি জাল তা নিশ্চিত করা রেজিস্ট্রেশন আইন সাব-রেজিস্ট্রি ও ভূমি অফিস
জালিয়াতকে শাস্তি দিতে চাইলে

প্রতারকের জেল ও জরিমানা করা

নতুন ভূমি আইন ও দণ্ডবিধি

থানা বা ম্যাজিস্ট্রেট আদালত

দলিল চিরতরে বাতিল করতে চাইলে

জাল দলিলটি আইনিভাবে অকার্যকর করা

সুনির্দিষ্ট প্রতিকার আইন (৩৯ ধারা)

দেওয়ানি আদালত

নামজারি ও দখল ঠেকাতে চাইলে

জমির রেকর্ড ও দখল নিজের কাছে রাখা ভূমি প্রশাসন নিয়মাবলী

এসি ল্যান্ড ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট

 


জমি কেনার আগে সতর্ক থাকার ৩টি গোল্ডেন রুলস

ভবিষ্যতে এই ফাঁদ এড়াতে জমি কেনার সময় এই তিনটি কাজ অবশ্যই করুন:

১. সাব-রেজিস্ট্রি অফিসে গিয়ে দলিলের রেজিস্ট্রেশন বহি বা বালাম বই যাচাই করুন।

২. বিক্রেতার মালিকানার সূত্র বা বায়া দলিল (Chain of Title) কয়েক ধাপ পর্যন্ত খতিয়ে দেখুন।

৩. রেজিস্ট্রি করার আগেই সরকারের land.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে খতিয়ান ও মালিকানার হালনাগাদ তথ্য চেক করে নিন। সম্ভব হলে একজন অভিজ্ঞ আইনজীবীকে দিয়ে কাগজপত্র স্ক্রুটিনি  (যাচাই) করিয়ে নিন 


সচরাচর জিজ্ঞাসা (FAQ)

প্রশ্ন: জাল দলিল প্রমাণ করব কীভাবে?

উত্তর: সাব-রেজিস্ট্রি অফিসের বালাম বই (Volume Book) এর সাথে মেলান। স্ট্যাম্পের সাল, সিরিয়াল নম্বর এবং রেজিস্ট্রির তারিখে সরকারি ছুটি ছিল কি না দেখুন। এই তিনটি পদ্ধতিতে বেশিরভাগ জাল দলিল ধরা পড়ে।

প্রশ্ন: জমির দলিল জাল হলে কত বছরের মধ্যে মামলা করতে হয়?

উত্তর: তামাদি আইন অনুযায়ী, দলিলটি জাল জানার তারিখ থেকে ৩ বছরের মধ্যে দেওয়ানি আদালতে মামলা করতে হবে। এই সময়সীমা পেরিয়ে গেলে মামলা করা অত্যন্ত কঠিন হয়ে যায়।

প্রশ্ন: থানায় মামলা না নিলে কী করব?

উত্তর: থানা মামলা না নিলে সরাসরি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নালিশি মামলা দায়ের করুন। আদালত প্রয়োজনে পুলিশকে মামলা নিতে নির্দেশ দেবেন।

প্রশ্ন: জাল দলিল মামলায় আনুমানিক কত খরচ হয়?

উত্তর: খরচ মামলার ধরন ও আদালতভেদে আলাদা হয়। থানায় মামলার ক্ষেত্রে মূল খরচ আইনজীবী ফি। দেওয়ানি মামলায় কোর্ট ফি ও আইনজীবী ফি মিলিয়ে শুরু থেকে কয়েক হাজার থেকে কয়েক লাখ টাকা পর্যন্ত হতে পারে। অভিজ্ঞ ভূমি আইনজীবীর সাথে পরামর্শ করে সঠিক ধারণা নিন।

প্রশ্ন: জাল দলিলে নামজারি হয়ে গেলে কী করব?

উত্তর: এসি ল্যান্ড অফিসে “মিস কেস” দায়ের করুন। একইসাথে দেওয়ানি আদালতে দলিল বাতিলের মামলা করুন এবং নামজারি বাতিলের জন্য আলাদা আবেদন করুন।


শেষ কথা

জমির কাগজ জাল হওয়া অত্যন্ত ঝামেলার বিষয় হলেও, দেশের নতুন ও পুরনো আইন এখন প্রকৃত মালিকদের অনেক বেশি সুরক্ষা দিচ্ছে। দলিল জাল হয়েছে জানতে পারলে একদম সময় নষ্ট না করে সব প্রমাণ (দলিলের সার্টিফাইড কপি, খতিয়ান, সাক্ষী) সংগ্রহ করুন এবং একজন অভিজ্ঞ ভূমি আইনজীবীর পরামর্শ নিয়ে মামলা দায়ের করুন। 

সচেতনতাই আপনার মূল্যবান সম্পত্তি রক্ষা করতে পারে।


সতর্কীকরণ: এই ব্লগটি সাধারণ মানুষের সচেতনতা ও তথ্য দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। এটি কোনো নির্দিষ্ট মামলার জন্য চূড়ান্ত আইনি পরামর্শ নয়। আপনার জমি সংক্রান্ত যেকোনো জটিলতায় একজন পেশাদার আইনজীবীর সাথে সরাসরি পরামর্শ করে পদক্ষেপ নিন।


 

Leave a Reply

Your email address will not be published.

Compare Listings